নারীর অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য ৬.৭ ট্রিলিয়ন টাকা
বাংলাদেশে নারীরা প্রতিদিন যে অদৃশ্য শ্রম দিয়ে যাচ্ছেন, তার আর্থিক মূল্য ২০২১ সালে দাঁড়িয়েছে প্রায় ৬ দশমিক ৭ ট্রিলিয়ন টাকা (৬ লাখ ৭০ হাজার কোটি টাকা)। দেশের মোট জিডিপির প্রায় ১৮ দশমিক ৯ শতাংশ সমান এই অবদানের ৮৫ শতাংশই নারীদের কাছ থেকে এসেছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটরিয়ামে প্রকাশিত হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট (এইচপিএসএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বয়স্কদের যত্ন, অসুস্থের সেবা—এসব কাজ পরিবার ও সমাজ টিকিয়ে রাখলেও এত দিন অর্থনীতির খাতায় তা দৃশ্যমান হয়নি। এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবার নারীর এই অমূল্য অবদান জাতীয় পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হলো।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ অনুষ্ঠানে বলেন, “নারীর শ্রম এত দিন অর্থনীতির ছায়ায় ছিল, আজকের প্রতিবেদন সেই অবদানকে দৃশ্যমান করল।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ। সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিবেদন উপস্থাপন করেন বিবিএসের উপপরিচালক আসমা আখতার। তিনি জানান, সময় ব্যবহার জরিপ ২০২১ এবং শ্রমশক্তি জরিপ ২০২২-এর তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তৈরি হয়েছে। ইউএন উইমেনের নুবাইরা জেহেন ‘কেয়ার ক্যালকুলেটর’ ব্যবহার করে দেখান, প্রতিদিন একজন মানুষ কতটা সময় অদৈত কাজে ব্যয় করেন।
প্রতিবেদন অনুযায়ী, এই অদৃশ্য শ্রমকে অর্থনীতির মূলধারায় আনতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে—
যত্ন খাতকে বাজেট ও উন্নয়ন কৌশলে অগ্রাধিকার দেওয়া
আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে নীতি প্রণয়ন
বেসরকারি খাতে পরিবারবান্ধব নীতি গ্রহণ
যত্নকেন্দ্রিক চাকরির সুযোগ বৃদ্ধি
পুরুষ ও ছেলেদের যত্ন ভাগাভাগিতে উৎসাহিত করা
নিয়মিত তথ্য সংগ্রহ নিশ্চিত করা
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ মাহিন্থান জোসেফ মারিয়াসিংহাম ভিডিও বার্তায় একে বাংলাদেশের জন্য একটি “অগ্রণী পদক্ষেপ” বলে মন্তব্য করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়; বরং নীতি ও বাজেটে লিঙ্গ-সংবেদনশীলতা বাড়ানোর এক বড় ভিত্তি। নারীর অদেখা শ্রমকে দৃশ্যমান করার মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনায় নতুন দিগন্তে প্রবেশ করেছে।