বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্ধারিত সময়ে একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ।


মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বাসসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ড. ইউনূস বলেন, নির্বাচনের পর তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব আহরণ জোরদারে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের ভেঙে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়াতে এসব উদ্যোগ সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আলোচনায় আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই তিনি দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন। তিনি উল্লেখ করেন, “আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। কঠিন সময়েই আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”


ফোনালাপে জর্জিয়েভা বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ইতিহাসের এ গুরুত্বপূর্ণ সময়ে শক্ত অবস্থানে যেতে হলে সাহসী সংস্কার অনিবার্য।


এ সময় আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।