শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় আবারও এপিবিএন, দায়িত্ব শেষ করে ফিরছে বিমানবাহিনী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর নিরাপত্তার দায়িত্ব আবারও নিতে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর ফলে দায়িত্ব শেষ করে নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা।
সরকারি সূত্রে থেকে জানা যায়, গত বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকে বলা হয়, এপিবিএন পুনরায় বিমানবন্দরের ভেতর নিরাপত্তা দায়িত্বে ফিরবে এবং বিমানবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব শেষে নিজ নিজ বাহিনীতে ফেরত যাবে।
২০২৪ সালের আগস্টে আনসার বিদ্রোহের পর প্রায় ১ হাজার আনসার সদস্য দায়িত্ব ছেড়ে চলে গেলে জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল । একই সময়ে এপিবিএনকে টার্মিনালের ভেতরের দায়িত্ব থেকে বিরত রাখা হয়।
এ সময় এপিবিএন অভিযোগ করে, অ্যাভসেক তাদের এয়ারসাইড অফিসকক্ষ থেকে মালামাল সরিয়ে দিয়েছে। এ নিয়ে থানায় জিডিও করা হয়। পাশাপাশি যাত্রী হয়রানি ও ভিডিও গণমাধ্যমে সরবরাহের অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তীতে বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবালের চিঠিতে এপিবিএন অধিনায়কের শিষ্টাচার ভঙ্গের অভিযোগও বিষয়টিকে আরও তীব্র করে তোলে।
বৈঠকে সভাপতির দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, “সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যে কাজ করছে। আমাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে পেশাদারিত্ব এবং পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।”
সভায় পুলিশের আইজিপি বাহারুল আলম, প্রধান উপদেষ্টার দপ্তরের সচিব এম সাইফুল্লাহ পান্না, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবালসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।