শ্রমিকদের বেতন দিতে সম্পত্তি বিক্রির উদ্যোগ নিল নাসা গ্রুপ, চেয়ারম্যানের স্বাক্ষরিত পাওয়ার অব অ্যাটর্নি
নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে নাসা গ্রুপ। এ লক্ষ্যে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান ৭ নম্বর রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় পাঁচ বিঘা জমি ও সাততলা ভবন (২ লাখ ৬ বর্গফুট), নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট বিক্রির জন্য এই খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হয়েছে।
নাসা গ্রুপ জানিয়েছে, প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সম্পত্তি বিক্রির মাধ্যমে শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতা পরিশোধ করা হবে।