বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শুভ মহালয়া আজ: দেবীপক্ষের সূচনায় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

শুভ মহালয়া আজ: দেবীপক্ষের সূচনায় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

favicon
অনলাইন সংস্করণ
শুভ মহালয়া আজ: দেবীপক্ষের সূচনায় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

আজকে শুভ মহালয়া এবং  এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেজে উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকেই চণ্ডীপাঠ ও ঘট স্থাপনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আমন্ত্রণ জানান সনাতন ধর্মাবলম্বীরা।


ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। এর মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়। সকালে চণ্ডীপাঠের মাধ্যমে ধরণীর সকল অমঙ্গল দূর করতে দেবীকে আহ্বান করা হয় মর্ত্যে। পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেছেন সনাতন ধর্মালম্বীরা।


মহালয়া উপলক্ষে দেশের সকল মন্দির ও পূজামণ্ডপে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


পুরাণ মতে, দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক। মহালয়ার দিনে তিনি মহিষাসুর বধের দায়িত্ব পান। কারণ, শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চেয়েছিল।


পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসবেন। বিশ্বাস করা হয়, এতে পৃথিবীতে সুখ-শান্তি বিরাজ করবে।


আজ থেকে শুরু হয়ে টানা ছয় দিন দেবীর আগমনী প্রস্তুতি চলবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।


এ বছর সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গার আরাধনা হবে। সব মণ্ডপেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।