বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানোর খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল, সেটি ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ইউএই ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এসব প্রতিবেদনে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত নিবন্ধকে উদ্ধৃত করা হয়।
প্রেস উইং জানায়, দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে বলেছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দূতাবাস পায়নি।
তিনি আরও বলেন, পোস্টটি ভিসা সেন্টারের নিজেদের বিদ্বেষপূর্ণ অপচেষ্টা হতে পারে। যেহেতু ২০ ও ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি, তাই ২২ সেপ্টেম্বর থেকে দূতাবাস অফিসিয়ালভাবে বিষয়টি যাচাই করবে।
প্রেস উইং জানায়, ভিসা নিষেধাজ্ঞার খবরটি একটি বেসরকারি ওয়েবসাইট থেকে উদ্ভূত এবং যাচাই-বাছাই ছাড়াই গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।