জাতিসংঘে ড. ইউনূস: সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন।
বক্তৃতায় ড. ইউনূস বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়া, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এগিয়ে চলা।
তিনি সতর্ক করে বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট সংকোচন বা উন্নয়ন সহায়তা হ্রাস করা উল্টো ফল বয়ে আনবে। বরং এখন জরুরি হলো আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সংগত উত্তরণের পথ তৈরি করা।
ড. ইউনূস আরও বলেন, উন্নত বিশ্ব গঠনের পথ অতীতের ব্যর্থতায় নির্ধারিত হবে না; এটি নির্ভর করবে বর্তমান সাহস, পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি অঙ্গীকারের ওপর। পাশাপাশি তিনি সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দিয়েছেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।