বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পার্ক অ্যাভিনিউ হামলায় নিহত দিদারুল: পরিবারের পাশে প্রধান উপদেষ্টা

পার্ক অ্যাভিনিউ হামলায় নিহত দিদারুল: পরিবারের পাশে প্রধান উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
পার্ক অ্যাভিনিউ হামলায় নিহত দিদারুল: পরিবারের পাশে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।


স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এসময় শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তিনি পরিবারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন।


সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাতিজা আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও ছিলেন।


প্রধান উপদেষ্টা বলেন, “ঘটনাটি প্রথম পত্রিকায় পড়ে হতবাক হয়েছিলাম। টিভিতে দিদারুল ইসলামের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল দেখেছি। তিনি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর শোক কুড়িয়েছেন। নিউইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করতে হবে।”


দিদারুল ইসলামের পরিবার জানান, তিনি ছিলেন নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা। ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দিয়ে ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন তিনি। তাঁর দুটি সন্তান রয়েছে।


গত ২৮ জুলাই ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বহুতল করপোরেট ভবনে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে দিদারুল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামানোর চেষ্টা করেন। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরিবারের দাবি, তাঁর শরীরে আট থেকে দশটি গুলির চিহ্ন ছিল। ঘটনার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।