দুর্গাপূজা চলাকালে সতর্ক থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার
অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা চলাকালীন যেকোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, কিছু ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়, যেখানে মাজার বা মন্দিরের মতো উপাসনালয়কে টার্গেট করা হয়। এসব কার্যকলাপ ধর্মীয় নয়, বরং অপরাধমূলক।
তিনি পূজামণ্ডপ ও মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এটি রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা তৎপর রয়েছে।
এছাড়া জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে আশঙ্কাজনক পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়া যায়। তিনি স্থানীয় সব ধর্মাবলম্বী মানুষকে দুর্গাপূজায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।