বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতিসংঘে বৈঠকে ভারতের কড়া সমালোচনা করলেন ড. ইউনূস

জাতিসংঘে বৈঠকে ভারতের কড়া সমালোচনা করলেন ড. ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতিসংঘে বৈঠকে ভারতের কড়া সমালোচনা করলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এক বৈঠকে ভারতের প্রতি কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারত ইতিবাচকভাবে নেয়নি, যার ফলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ড. ইউনূস। সার্জিও গোরকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।


প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্ররা গত বছর যা করেছে, ভারত তা মেনে নেয়নি। এর কারণেই সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা প্রচার করেছে যে, গত বছরের গণবিপ্লব নাকি একটি ইসলামি আন্দোলন।”


তিনি আরও অভিযোগ করেন, ভারতের সহায়তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছেন, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করছে।


সার্ক জোট অচল হয়ে পড়ার কারণও ভারতের রাজনীতি বলে উল্লেখ করেন ড. ইউনূস। তার ভাষায়, “সার্ক এগোতে পারছে না, কারণ এটি একটি দেশের রাজনৈতিক অবস্থানের সঙ্গে খাপ খায় না।” এ সময় তিনি আসিয়ান জোটে যুক্ত হওয়ার আগ্রহের কথাও জানান।


সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল ২০১৪ সালে। ২০১৬ সালে পাকিস্তানে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত যেতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে জোট কার্যত স্থবির হয়ে যায়। যদিও ভারত এখনো সার্কের সদস্য, তবে দেশটি বিমসটেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছিলেন ড. ইউনূস।