আইজিপির নামে ভুয়া বক্তব্য ছড়ানো নিয়ে পুলিশের প্রতিবাদ
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর নামে প্রচারিত একটি ফটো কার্ডে জামিন সংক্রান্ত বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও বিকৃত দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (১ অক্টোবর) সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আইজিপি কোনো সময় বলেননি— “গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধী দু-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে, তা বোধগম্য নয়।”
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর উইং জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আইজিপির বক্তব্য বিকৃত করে উক্ত ফটো কার্ড তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “উদ্দেশ্যমূলকভাবে এই অসত্য তথ্য প্রচার করা হয়েছে।”
এ ঘটনায় বিভ্রান্তিকর প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।