ধর্ম যার যার, সম্প্রীতি সবার—স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশে ধর্ম যার যার হলেও সম্প্রীতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের সবার সৃষ্টিকর্তা একজনই। কেউ তাঁকে আল্লাহ, কেউ ভগবান বলে ডাকি। নাম ভিন্ন হলেও তিনি একই। হিন্দু-মুসলমান সবাইকেই তিনি সৃষ্টি করেছেন।”
তিনি আরও বলেন, সারা দেশে শারদীয় দুর্গোৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। আজ বিজয়ার দিন, তাই সবার মন খারাপ হলেও গত কয়েকদিন সবাই আনন্দে পূজা উদযাপন করেছেন। আমিও সেই আনন্দে শরিক হতে এসেছি।
নূরজাহান বেগম বলেন, “ইসলামে বলা হয়েছে, ‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন’— যার যার ধর্ম, তার তার কাছে। তাই মানবতা ও সেবাই আসল ধর্ম। আমরা যদি এই মূল্যবোধ মনে রাখি, তবে কোনো শক্তিই আমাদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ অনেকে।