ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদরাসা এলাকার এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুজনসহ সাতজন আহত হন।
আহতদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, মনোহরপুর ও অলুয়া এলাকার কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগেই বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। হামলার সময় গুরুতর আহত হন সুজন।
প্রথমে কুমিল্লা মেডিক্যালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে ১৪ দিন আইসিইউতে থাকার পর সোমবার (৬ অক্টোবর) রাতে তিনি মারা যান।
ব্রাহ্মণপাড়া থানার ওসি জানান,
“ঘটনাটি নিয়ে আগেই মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”