বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কারাগার থেকে বের হয়েই স্ত্রীকে আদালত প্রাঙ্গণে মারধর, স্বামী আটক

কারাগার থেকে বের হয়েই স্ত্রীকে আদালত প্রাঙ্গণে মারধর, স্বামী আটক

favicon
অনলাইন সংস্করণ
কারাগার থেকে বের হয়েই স্ত্রীকে আদালত প্রাঙ্গণে মারধর, স্বামী আটক

কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে স্ত্রীকে প্রকাশ্যে মারধর করেছেন এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।


ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পরপরই আদালতে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ হামলাকারী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


মারধরের শিকার নাসিমা আক্তার (২৮) কক্সবাজারের রামু উপজেলার তেমুহনী এলাকার বাসিন্দা। তার স্বামী সালাহউদ্দিন বাবর কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজার এলাকার বাসিন্দা।


নাসিমা জানান, যৌতুকের মামলায় কারাভোগ শেষে মঙ্গলবার স্বামী আদালতে হাজিরা দিতে এসে হঠাৎ হামলা চালায়। তিনি বলেন,


“আমার স্বামী ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে। না পেরে মুখে-মাথায় কিল-ঘুষি ও লাথি মারে।”


২০১৭ সালে তাদের বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে দুই বছর আগে নাসিমা বাবার বাড়িতে চলে যান। গত এপ্রিলে তিনি যৌতুকের অভিযোগে আদালতে মামলা করেন। মামলায় বাবর ১৪ দিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান।


মঙ্গলবার মামলার হাজিরা দিতে এসে জেলা আইনজীবী সমিতির সামনে নাসিমা তার আইনজীবীর সঙ্গে কথা বলার সময় বাবর হঠাৎ হামলা চালান।


কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন,


“স্ত্রীকে আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নাসিমা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।”


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। স্থানীয়রা ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।