চট্টগ্রামে গুলিতে বিএনপি কর্মী হাকিম চৌধুরী নিহত
চট্টগ্রামের মদুনাঘাটে দুর্বৃত্তদের গুলিতে আবদুল হাকিম চৌধুরী (৫০) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট কারে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিম চৌধুরী প্রাইভেট গাড়িতে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে হালদা নদী পার হয়ে মদুনাঘাট এলাকায় পৌঁছালে হেলমেট পরা মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তার বুক ও পেটে পাঁচটি গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাকিম চৌধুরী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দ এবং হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা অভিযোগ করে বলেন, “হাকিম চৌধুরী পরিকল্পিত টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।”
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের চৌধুরী বলেন, “গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত দেড় ডজন নেতাকর্মী খুন হয়েছেন।