বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাড়ি ভাতা ও মেডিক্যাল ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বাড়ি ভাতা ও মেডিক্যাল ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

favicon
অনলাইন সংস্করণ
বাড়ি ভাতা ও মেডিক্যাল ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বাড়ি ভাতা ও মেডিক্যাল ভাতা বৃদ্ধির দাবিতে আগামীকাল রবিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের মূল দুটি দাবি হলো—বাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ এবং মেডিক্যাল ভাতা ১,৫০০ টাকা করা।


জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানিয়েছেন, রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, “অনেক শিক্ষক ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল প্রেস ক্লাব এলাকা শিক্ষক-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে উঠবে।”


এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের এক চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ৫০০ টাকা বৃদ্ধির অনুমোদন দেয়। পরবর্তীতে ৫ অক্টোবর সেই পরিপত্র প্রকাশ করা হয়।


তবে শিক্ষকরা ওই পরিপত্র প্রত্যাখ্যান করে জানান, এটি তাদের ন্যায্য দাবির প্রতিফলন নয়।

উল্লেখ্য, এর আগেও গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের দাবিগুলো উপস্থাপন করেছিল। সেদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বেসিক বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন বলে জানান শিক্ষক নেতারা।