বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

favicon
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলি হয়। তবে কার গুলিতে শরীফ আহত হয়েছেন বা সংঘর্ষে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়াও আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।


ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে। এ সময় ভেতরে অবস্থানরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান।


জানা গেছে, জিইসি মোড়ের ওই কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করেছিল, যেখানে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল গান পরিবেশন করার কথা ছিল। সবার জন্য উন্মুক্ত ওই কনসার্ট সন্ধ্যায় শুরু হলেও দুই পক্ষের সংঘর্ষের কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। পরে ভাঙচুরের ঘটনাও ঘটে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।


ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী নাইম বলেন, “কনসার্ট চলাকালে এক পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। এ নিয়ে অন্য একটি পক্ষ প্রতিবাদ জানালে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে পুলিশ গুলি চালায়।”


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, “গুলিবিদ্ধ শরীফ ও তাঁর সঙ্গীরা বিস্তারিত কিছু জানাতে চাইছেন না, ফলে ঘটনার সঠিক কারণ জানা যাচ্ছে না।”


এদিকে গুলিবিদ্ধদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি বলেন, “কনসার্টে আওয়ামী লীগের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। কয়েকজন আহত হয়েছেন, তাঁদের দেখতে এসেছি।”


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, “ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”