বিহারে প্রেমিকাকে বিয়ে করতে বাধা, স্ত্রীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা
ভারতের বিহারে স্ত্রীকে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রেমিকাকে বিয়ে করতে চাওয়ায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছে এনডিটিভি।
ঘটনাটি ঘটেছে নালন্দা জেলার একটি গ্রামে। অভিযুক্ত বিকাশ কুমার পাঁচ বছর আগে সুনিতা দেবীকে বিয়ে করেন। সুনিতার বাবার দাবি, বিয়ের পর তারা জানতে পারেন যে বিকাশের আগে থেকেই আরেকজন স্ত্রী রয়েছে, যার সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি।
তবুও বিকাশের পরিবার সুনিতাকে বুঝিয়ে তাদের ঘরে রাখে। পরবর্তীতে সুনিতা দুটি সন্তানের জন্ম দিলেও দুজনই জন্মের পরপরই মারা যায়। এরপর থেকে বিকাশ তার প্রেমিকাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন কলহ শুরু হয়, যার ফলে সুনিতা বাবার বাড়িতে চলে যান।
গত মাসে দুর্গাপূজা শুরুর আগে বিকাশ স্ত্রীকে শ্বশুরবাড়িতে ফিরে আসতে বলেন। সুনিতা তার অনুরোধে ফিরে আসেন। কিন্তু শনিবার দুপুরে সুনিতা ফোনে তার পরিবারকে জানান, বিকাশ তার শরীরে পেট্রল ঢেলে বাড়ির আঙিনায় আটকে রেখেছেন। এরপর বিকাশ রান্নার গ্যাসের চুলার ভালভ খুলে আগুন ধরিয়ে দেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, ফোনে সুনিতা পরিবারের সদস্যদের শেষবার বলেন, “আমি আর বাঁচব না।” এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা দ্রুত বিকাশের বাড়িতে পৌঁছে দেখেন, তারা গৃহবধূর মরদেহ দাহের প্রস্তুতি নিচ্ছে। পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিকাশ ও তার স্বজনরা পালিয়ে যায়।
নালন্দা থানার স্টেশন হাউস অফিসার অনিল কুমার পান্ডে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করেছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বিকাশ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক।