যুদ্ধবিরতির পর গাজায় ফিরলেন পাঁচ লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার এএফপিকে জানান, শুক্রবার ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পর থেকেই ব্যাপক জনস্রোত শুরু হয়েছে।
তার ভাষায়, “গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।”
যুদ্ধবিরতির ফলে ধ্বংসস্তূপে পরিণত গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এখন ফিলিস্তিনিরা ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন।
ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় ইতোমধ্যে ৬৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আর গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুদ্ধবিরতির আগে তীব্র বোমাবর্ষণ ও সামরিক অভিযানে প্রায় সাত লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
সূত্র: মিডল ইস্ট আই