বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক চলাকালে শেখ হাসিনার মামলার লাইভে সাইবার হামলা

মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক চলাকালে শেখ হাসিনার মামলার লাইভে সাইবার হামলা

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক চলাকালে শেখ হাসিনার মামলার লাইভে সাইবার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।


রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, মামলার যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এ সময় ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার আক্রমণ চালিয়ে সেটি সাময়িকভাবে অচল করে দেওয়া হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে।


তাজুল ইসলাম বলেন, “আমরা মনে করি—এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে, যেন দুনিয়াবাসী শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের প্রমাণ ও নিষ্ঠুরতার বিবরণ জানতে না পারে। অপরাধীরা চায় না বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বিশ্ববাসীর সামনে প্রকাশ পাক।”


তিনি আরও বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টা বাংলাদেশে সফল হবে না। আমরা কোনো প্রতিহিংসা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।”


এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।


চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য শেষে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা নিজেদের যুক্তি উপস্থাপন করবেন। পরে প্রসিকিউশন তাদের যুক্তি খণ্ডন করবে।


আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন