জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টাধাওয়া
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে তারা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
রোববার (১২ অক্টোবর) সকালে সারাদেশ থেকে আসা শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে চার দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হলো ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি।
শিক্ষক-কর্মচারীদের জোট জানিয়েছে, সরকার ঘোষিত ৫০০ টাকার বাড়ি ভাতা বৃদ্ধি তারা প্রত্যাখ্যান করছে। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং ঈদ বোনাস ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব পাঠিয়েছে।
তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষকরা আরও হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে ক্লাস বর্জন আন্দোলনে যাবেন তারা।