বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

favicon
অনলাইন সংস্করণ
জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (সোমবার, ১৪ অক্টোবর) তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ যুক্তি উপস্থাপন করবেন।


এর আগে গতকাল সারাদিন এই মামলার শুনানি চলে। শুনানিতে প্রসিকিউশন পক্ষ মামলার দালিলিক প্রমাণ, ঘটনার স্থান, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ এবং জুলাই মাসের ঘটনাপ্রবাহ বিশদভাবে উপস্থাপন করে।


প্রসিকিউশন অভিযোগ করেছে, বিরোধী পক্ষকে দমন ও জনগণকে শোষণ করে আওয়ামী লীগের লুটপাট ব্রিটিশ শাসনের দুই শত বছরের লুটকেও ছাড়িয়ে গেছে। শুনানিতে শেখ হাসিনার একটি নতুন ফোনালাপ আদালতে উপস্থাপন করা হয়, যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় বলে দাবি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের সবাই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।


এদিকে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় ছয়জনকে হত্যাসহ তিনটি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে।