শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ: যানচলাচল বন্ধ
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) শাহবাগ ব্লকেড করেছেন। এর ফলে শাহবাগের আশপাশের সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
দুপুর ২টা ৩ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে শিক্ষকরা শাহবাগে পৌঁছান এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিতে শুরু করেন। পুলিশ শুরুতে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে রাখলেও তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে আসেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিল। রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শিক্ষকরা সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।