বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ভুয়া যোদ্ধা যাচাইয়ের ঘটনায় মামলা ষড়যন্ত্রমূলক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা

ভুয়া যোদ্ধা যাচাইয়ের ঘটনায় মামলা ষড়যন্ত্রমূলক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা

favicon
অনলাইন সংস্করণ
ভুয়া যোদ্ধা যাচাইয়ের ঘটনায় মামলা ষড়যন্ত্রমূলক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর জানিয়েছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ভুয়া যোদ্ধা যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন’ সংক্রান্ত সংবাদ এবং এর ভিত্তিতে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও ফাউন্ডেশনের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা।


বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের স্বপ্ন, ত্যাগ ও আদর্শকে ধারণ করেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, সুচিকিৎসা ও সম্মানজনক সামাজিক পুনর্গঠনের লক্ষ্যেই ফাউন্ডেশনটি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।”


তিনি অভিযোগ করেন, ফাউন্ডেশনের মানবিক ও পুনর্বাসনমূলক কার্যক্রম যখন দেশজুড়ে প্রশংসা কুড়াচ্ছে, তখনই ছয় মাস আগের একটি ঘটনার উল্লেখ করে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে। এর মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও ‘জুলাই’ আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে।


লে. কর্নেল (অব.) কামাল আকবর বলেন, “জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন যখন অগ্রগতির পথে, তখনই এ ধরনের অপপ্রচার জাতির অর্জনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হচ্ছে। আমরা এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও মিডিয়া ট্রায়ালের তীব্র প্রতিবাদ জানাই।”


তিনি আরও বলেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সর্বদা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। মামলাটি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে ফাউন্ডেশন সব ধরনের সহযোগিতা দেবে। একই সঙ্গে কোনো সদস্য যদি অনিয়ম বা নির্যাতনের সঙ্গে যুক্ত থাকেন, তাকে কোনো প্রকার আশ্রয় বা প্রশ্রয় দেওয়া হবে না।”


কামাল আকবর জোর দিয়ে বলেন, “এই ফাউন্ডেশনের সদস্যরা নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। সত্য, ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”


বিবৃতির শেষে তিনি জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মানজনক পুনর্বাসনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।