২০২৬ সালে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ২০ মার্চ
মাত্র চার মাস পরই আসছে পবিত্র রমজান মাস। ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না।
এ কারণে মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে বলে ধারণা করছেন জ্যোতির্বিদরা।
প্রতিবেদনে বলা হয়, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলো—সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের মুসল্লিদের প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে, যা মাসের শেষের দিকে বেড়ে ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদিও সৌদি আরব প্রায়ই নিজেদের ‘উম আল-কুরা’ ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।
যেহেতু বাংলাদেশে মধ্যপ্রাচ্যের এক দিন পর রমজান ও ঈদ পালিত হয়, তাই সম্ভাব্যভাবে বাংলাদেশে রমজান শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হবে ২১ মার্চ ২০২৬ সালে।
সূত্র: আল-আরাবিয়া