জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন: অঙ্গীকারনামার ৫ম দফায় সংশোধন আনল ঐকমত্য কমিশন
জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার ৫ম দফায় সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যালোচনা ও আলোচনার পর এই গুরুত্বপূর্ণ সংশোধনী করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণকালে ড. আলী রীয়াজ সংশোধিত ভাষ্যটি পাঠ করেন।
সংশোধিত ৫ম দফায় বলা হয়—
“গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আহত বীরদের যথাযথ সহায়তা, সুচিকিৎসা, মাসিক ভাতা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
ড. আলী রীয়াজ বলেন, “এই অঙ্গীকারনামা কেবল নীতিগত নয়, এটি বাস্তবায়নের জন্য কমিশন সরকারকে একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবে। এ বিষয়ে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের মধ্যে কোনো মতপার্থক্য নেই।”
অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।