চট্টগ্রাম বন্দরে গেট পাস ফি বৃদ্ধিতে কনটেইনার পরিবহন বন্ধ
চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হলে আন্তঃজেলা কনটেইনার পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। নতুন ফি ১৫ অক্টোবর থেকে কার্যকর হলেও এর প্রভাব শুক্রবার থেকেই লক্ষ্য করা গেছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে ট্রেইলার মালিক সমিতি বন্দরে কোনো ভারী যান প্রবেশ না করার ঘোষণা দিয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর অফিস আদেশ নং ২২৩/২৫-এর মাধ্যমে ৫৭.৫০ টাকার গেট পাস পরিবর্তে ২০০ টাকা ও ৩০ টাকা ভ্যাটসহ মোট ২৩0 টাকা নির্ধারণ করে। তবে পরিবহন মালিকরা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত তাদের ওপর জোর করে চাপানো হয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “৫৭ টাকার গেট পাস ২৩0 টাকায় উন্নীত করা অযৌক্তিক। মালিক বা শ্রমিক—কার ওপর এই বাড়তি ফি পড়বে, তা এখনও নির্ধারিত হয়নি। ইতিমধ্যেই ১৪ অক্টোবর রাত থেকে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে।”
বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাত্র ৮টি কনটেইনার খালাস করা সম্ভব হয়েছে, যেখানে সাধারণ দিনে এই সংখ্যা ৬০০ থেকে ৯০০। ফলে পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বেসরকারি কনটেইনার ডিপোগুলোর সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, “রপ্তানিপণ্য সময়মতো জাহাজে না উঠলে ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে দেরি হয়। এতে ব্যবসায়ীরা ডিসকাউন্ট বা শিপমেন্ট বাতিলের ঝুঁকিতে পড়ছেন।”
দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। তাই ভারী যানবাহনের চলাচল বন্ধ থাকায় বন্দর কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।