সবার প্রচেষ্টায় শাহজালাল বিমানবন্দরের আগুন আংশিক নিয়ন্ত্রণে—বেবিচক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলছিল। সেখানে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।
এর আগে দুপুরে কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।