বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: সাড়ে সাত ঘণ্টায় নিয়ন্ত্রণে, গাফিলতি নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: সাড়ে সাত ঘণ্টায় নিয়ন্ত্রণে, গাফিলতি নিয়ে প্রশ্ন

favicon
অনলাইন সংস্করণ
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: সাড়ে সাত ঘণ্টায় নিয়ন্ত্রণে, গাফিলতি নিয়ে প্রশ্ন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। এরই মধ্যে আগুনে ভেতরে থাকা বিপুল পরিমাণ আমদানিকৃত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে এত দীর্ঘ সময় লাগায় প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। তারা ঘটনাটিতে অব্যবস্থাপনা ও গাফিলতির ইঙ্গিত দিয়েছেন।


ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান বলেন, “অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। এর আগে এমন অগ্নিকাণ্ড ঘটলেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। যদি এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়, তাহলে গোয়েন্দা সংস্থার গাফিলতিও রয়েছে।”


আরেক সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আমাদের ফায়ার ফাইটারদের দক্ষতার ঘাটতি এখনো রয়েছে। প্রতিটি স্থাপনায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা জরুরি, না হলে ছাড়পত্র দেওয়া উচিত নয়।”


এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বশির উদ্দিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে।