বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, এখনো ধোঁয়া উড়ছে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, এখনো ধোঁয়া উড়ছে

favicon
অনলাইন সংস্করণ
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, এখনো ধোঁয়া উড়ছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। রবিবার সকালে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুনের তাপ নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের সামনেও উৎসুক জনতার ভিড় দেখা গেছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, উদ্ধারকাজ এখনো চলছে এবং আগুন লাগার মূল কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


গতকাল (শনিবার) দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে দুবাই থেকে আসা একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।


আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথকভাবে পাঁচ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করেছে।


অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তদন্তে যদি নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।