‘শাপলা’ প্রতীক নিয়ে অনড় এনসিপি, আজ প্রতীক বাছাইয়ের শেষ দিন
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে দেখা করতে কমিশনে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দলটির প্রতিনিধি দল ইসি সচিবালয়ে উপস্থিত হয়।
আজই এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে দলটি প্রতীক না বাছাই করলে, কমিশন নিজ উদ্যোগে তাদের জন্য প্রতীক নির্ধারণ করবে।
এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চায় এবং অন্য কোনো বিকল্প প্রতীকে তারা রাজি নয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, সংবিধান ও নির্বাচন বিধিমালার আওতায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়, এবং ‘শাপলা’ প্রতীক তালিকাভুক্ত না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
রোববার সিলেট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।