দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, দেশে বাড়তে পারে বৃষ্টিপাত
আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
শনিবার (১৮ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
মঙ্গলবার (২১ অক্টোবর) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।