এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫% বৃদ্ধি অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে এই ভাতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মতিপত্রে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় রেখে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ওপর ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। পরবর্তী ধাপে, ২০২৬ সালের ১ জুলাই থেকে এ ভাতা আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হবে।
শর্তাবলি:
১️⃣ পরবর্তী বেতনস্কেলে এই বাড়তি সুবিধা সমন্বয় করতে হবে।
২️⃣ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ ও অন্যান্য শর্ত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’-এর নিয়ম অনুযায়ী হতে হবে।
৩️⃣ এই বাড়তি ভাতার জন্য শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাওনা দাবি করতে পারবেন না।
৪️⃣ ভাতা প্রদানের ক্ষেত্রে সকল সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৫️⃣ ভবিষ্যতে ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই দায়ী থাকবেন।
৬️⃣ প্রশাসনিক মন্ত্রণালয় জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিগত ১৬ অক্টোবর অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা ২৬০ নম্বর স্মারকপত্রটি বাতিল করা হয়েছে।