পারিবারিক বিরোধের অবসান: আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের সমঝোতা ঘোষণা
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে চলমান পারিবারিক বিতর্কের অবসান ঘটেছে। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই ইস্যুর সমাধান হয়েছে দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে।
মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির নিষ্পত্তির কথা নিশ্চিত করেন আবু ত্বহা ও সাবিকুন নাহার উভয়েই।
আবু ত্বহা তার স্ট্যাটাসে লেখেন,
“উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের সম্মানিত ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শরিয়াহ মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে, আলহামদুলিল্লাহ।”
তিনি সমাধানের বিস্তারিত জানিয়ে আরও বলেন—
১️⃣ ওলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি সাবিকুন নাহারকে খুলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেছেন। ফলে বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই।
২️⃣ বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছে, তাই এ নিয়ে কোনো দেনাপাওনা বাকি নেই।
৩️⃣ সাবিকুন নাহার পূর্বে Taw Haa Zin Nurain Islamic Center-এ প্রায় ৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ধার হিসেবে প্রদান করেছিলেন, যা ফেরতের জন্য দাবি করেছেন। ওলামায়ে কেরাম বিষয়টির পরিশোধের সময়সীমা নির্ধারণ করেছেন এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছেন।
তিনি বলেন, “৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহবিচ্ছেদ হয়েছে—এই গুজব সম্পূর্ণ মিথ্যা।”
৪️⃣ সন্তানদের বিষয়েও শরিয়াহ মোতাবেক সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছেন।
আবু ত্বহা আহ্বান জানান, “বিষয়টি যেহেতু পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে, তাই এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আলোচনা না করার জন্য সবাইকে অনুরোধ করছি।”
অন্যদিকে, সাবিকুন নাহার তার স্ট্যাটাসে লেখেন,
“আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সম্প্রতি আমার পারিবারিক ইস্যুটি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে মীমাংসা হয়েছে।”
তিনি বলেন, “দীর্ঘ মানসিক চাপের মধ্য দিয়ে এ সমাধানে পৌঁছেছি। এ প্রক্রিয়ায় আবেগে বা উদ্বেগে আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমি প্রকাশ্যে তওবা করছি। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী।”
তিনি আরও লেখেন, “এ ইস্যু নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না এবং অন্যদেরও অনুরোধ করছি এ বিষয়ে আলোচনা থেকে বিরত থাকতে।”
সবশেষে তিনি মিডিয়ার প্রতি অনুরোধ জানান—
“আমার পারিবারিক আলোচনাসংবলিত প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করুন। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই আহ্বান।”
তিনি ধন্যবাদ জানান সবাইকে, “যারা এ কঠিন সময়ে পাশে ছিলেন বা সমালোচনা করেছেন, সবার জন্যই আমি আল্লাহর কাছে কল্যাণ কামনা করছি।”