বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে সাড়ে ৭ শতাংশ, আরও এক দফা বাড়বে জুলাইয়ে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে সাড়ে ৭ শতাংশ, আরও এক দফা বাড়বে জুলাইয়ে

favicon
অনলাইন সংস্করণ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে সাড়ে ৭ শতাংশ, আরও এক দফা বাড়বে জুলাইয়ে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে সাত (৭.৫) শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।


একই সঙ্গে আগামী ২০২৬ সালের জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা আরও সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে বলে সরকার জানিয়েছে।


মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধারাবাহিকভাবে বৈঠক করেছেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে।


তাদের মধ্যে ছিলেন—


শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার,


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ,


পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।


বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন,


“অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে গত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে দেশের অর্থনীতি যে অবস্থায় পৌঁছেছে, তার কারণে এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি। তাই বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”


তিনি আরও বলেন,


“অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি ধীরে ধীরে গতিশীল হচ্ছে। আশা করি, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে নিজেদের অবদান রাখবেন।”


প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন।