জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আজ যুক্তিতর্ক
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মুলতবি থাকা যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত হয়েছে আজ (বুধবার)।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। তিনি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা অভিযোগের বিভিন্ন দিকের বিরোধিতা করেন।
যুক্তিতর্কে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন, আওয়ামী লীগ সরকারের শাসনকাল, একাত্তরের প্রেক্ষাপট, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন।