বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত, গভীর সমুদ্রে যেতে নিষেধ জারি
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বর্তমান পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে লঘুচাপটি সুস্পষ্ট আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে।