সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ডাকাতি, ১০ লাখ টাকার লোহা লুট
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় প্রায় ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকার এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, রাতের অন্ধকারে দুটি বোট—একটি লাল ও একটি সাদা—নিয়ে ডাকাত দল শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। তারা কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মো. নাসির উদ্দিন (৫২) ও মো. আয়াতুল্লাহ (২৩)-সহ প্রহরীদের জিম্মি করে মারধর করে আহত করে।
আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সঙ্গে গুলি বিনিময় হয়, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ডাকাতরা দুটি বোটে করে জাহাজের লোহার পর্দা, পাইপ গার্ডার, ওয়েল্ডিং মেশিন, ক্যাবল ও অক্সিজেন বোতলসহ প্রায় ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা নিয়ে যায়।
শিপইয়ার্ডের মালিক মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, “এমন ঘটনা অকল্পনীয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ রাউন্ড গুলি ছুড়লেও ডাকাতরা পিছু হটেনি। তারা সব মালামাল নিয়ে পালিয়েছে। এই অবস্থায় ব্যবসা করা কষ্টকর হয়ে যাচ্ছে।”
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। তবে বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। একাধিকবার ফোন করেও ওসির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।