বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ, বড় পরিবর্তনের ইঙ্গিত উপদেষ্টা পরিষদে

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ, বড় পরিবর্তনের ইঙ্গিত উপদেষ্টা পরিষদে

favicon
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ, বড় পরিবর্তনের ইঙ্গিত উপদেষ্টা পরিষদে

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা সময় নিতে চান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। এই দুই উপদেষ্টা হলেন—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন না, বরং সরকারে থেকে দায়িত্ব চালিয়ে যেতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন, যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


এ বিষয়ে সরাসরি তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে গত ১৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেছিলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমি পদত্যাগ করব।” অন্যদিকে মাহফুজ আলম ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, “দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি—আমি কখন নেমে যাই, তা আমি জানি না।”


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি।


এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে প্রশাসনকে নিরপেক্ষ রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। সূত্র জানায়, ‘বিতর্কিত’ ও ‘দলীয় মনোভাবসম্পন্ন’ উপদেষ্টাদের সরিয়ে দিতে রাজনৈতিক দলগুলোর চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে একাধিক উপদেষ্টা সসম্মানে পদত্যাগের চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।