প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা বা রাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি দুর্যোগ শুরু হয়েছে ওড়িশা ও তামিলনাড়ুতেও।
রাতের দিকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ভারতের ১৯ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া তিন জেলায় কমলা সতর্কতা এবং চার জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ১৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাড়া থেকে ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ওড়িশার গোপালপুর থেকে এটি ৫৫০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে।
ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টা ধরে ঘণ্টায় ১৫ কিমি বেগে উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ও রাতের মধ্যে এটি মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝামাঝি এলাকায় আছড়ে পড়তে পারে। আছড়ে পড়ার সময় মন্থার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৯০-১০০ কিমি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।