বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রথম বাংলাদেশ সফরে যানজটে অবাক জার্মান উপমন্ত্রী, চান রাজনৈতিক স্থিতিশীলতা

প্রথম বাংলাদেশ সফরে যানজটে অবাক জার্মান উপমন্ত্রী, চান রাজনৈতিক স্থিতিশীলতা

favicon
অনলাইন সংস্করণ
প্রথম বাংলাদেশ সফরে যানজটে অবাক জার্মান উপমন্ত্রী, চান রাজনৈতিক স্থিতিশীলতা

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে ঢাকার যানজটে হতবাক হয়েছেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঢাকা সত্যিই এক ব্যস্ত শহর—অবিশ্বাস্য যানজট, তবুও আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে!”


তবে যানজটের চেয়ে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছেন এই জার্মান সংসদ সদস্য। তিনি বলেন, “রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। আমি রাজনীতিতে এসেছি আমার পাঁচ সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা-বাবাও চান তাদের সন্তানের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ।”


বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইওহান সাটফ জানান, জার্মানি বর্তমানে দেশের সঙ্গে ‘স্মার্ট গ্রিড’ প্রকল্প নিয়ে আলোচনা করছে, যা বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে যুক্ত করা সহজ হবে।


তিনি আরও বলেন, “জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও সৌর ছাদ প্রকল্পের মতো উদ্যোগে আমরা সহায়তা করছি। আমি নিজেও জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেছি, তাই বিষয়টি আমার কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ।”


বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রশংসা করে জার্মান উপমন্ত্রী বলেন, “জার্মানি শুধু উন্নয়নে নয়, বাণিজ্য ক্ষেত্রেও বাংলাদেশের দৃঢ় অংশীদার। ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা পাশে আছি এবং বাংলাদেশের এই রূপান্তর প্রক্রিয়া যেন মসৃণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে একসঙ্গে কাজ করবো।”


/এমএন