বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত্যু

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত্যু

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে ত্বকীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। বর্তমানে সেখানে দাফনের প্রস্তুতি চলছে।

সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ত্বকীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ত্বকী। এছাড়া কুয়েত ও বাহরাইনে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও বিজয়ী হয়ে দেশের সুনাম অর্জন করেছিলেন তিনি।