মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত ১২৮ জুলাইযোদ্ধার স্বীকৃতি বাতিল
মিথ্যা তথ্য প্রদান করে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকায় বেশ কিছু ব্যক্তি প্রকৃতপক্ষে আন্দোলনে আহত ছিলেন না, কেউ কেউ আন্দোলনে অংশও নেননি, আবার কারও নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এসব অনিয়ম শনাক্ত করে গেজেট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ১২৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেটের ২৭ জন, চট্টগ্রামের ৩৯ জন, খুলনার ৯ জন, রংপুরের ৩ জন, ঢাকার ১৪ জন, রাজশাহীর ১৩ জন এবং বরিশালের ২ জন রয়েছেন।
এর আগে, গত ৩ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল।