ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির
চট্টগ্রামে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনকালে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তোলা হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ঢাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নগরীর চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেফতার হয়ে এতদিন জেলহাজতে ছিলেন।
তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতাকে গ্রেফতার, নির্যাতন ও ২৫টিরও বেশি মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।