মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন পিয়া পাচ্ছেন মেট্রো রেলে চাকরি
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রো রেলে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে স্নাতক সম্পন্ন করলে তাকে অফিসার পদে উন্নীত করা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ এক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আইরিন আক্তার পিয়াকে আমরা প্রাথমিকভাবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিচ্ছি। তার অনার্স শেষ হলে অফিসার পদে নেওয়া হবে।”
উল্লেখ্য, গত রবিবার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পরদিনই সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে।