বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ৭ দফা দাবি না মানলে শনিবার থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি বিপিএ’র

৭ দফা দাবি না মানলে শনিবার থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি বিপিএ’র

favicon
অনলাইন সংস্করণ
৭ দফা দাবি না মানলে শনিবার থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি বিপিএ’র

৭ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার এবং উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই ঘোষণা দেয়।


বিবৃতিতে বিপিএ জানায়, কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত মারাত্মক সংকটে পড়েছে, ঝুঁকিতে রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান। এর মধ্যে ৪০ শতাংশ নারী এবং ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক।


সংগঠনটির অভিযোগ, আন্তর্জাতিক বাজারে গত তিন বছর ধরে ফিড উৎপাদনের কাঁচামাল—সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম কমলেও দেশে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। কয়েকটি কর্পোরেট সিন্ডিকেট একচেটিয়া বাজার দখল করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় ফিড, বাচ্চা ও ওষুধের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। এতে প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন।


বিবৃতিতে আরও বলা হয়, প্রান্তিক খামারিদের অধিকার ও পোলট্রি শিল্পের টিকে থাকার স্বার্থে সাত দফা দাবি বাস্তবায়ন জরুরি। দাবি পূরণ না হলে ধাপে ধাপে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে খামার বন্ধ করা হবে।


বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের ৭ দফা দাবি:

১️⃣ কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

২️⃣ কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩️⃣ প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।

৪️⃣ ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে।

৫️⃣ উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে।

৬️⃣ ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে।

৭️⃣ নীতিনির্ধারণী পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।