‘জয় বাংলা ব্রিগেড’ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা, দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ
‘জয় বাংলা ব্রিগেড’ নামে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করে তাদের নামে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে শুক্রবার (৩১ অক্টোবর) দেশের দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের অনুমতি পায়।
তিনি আরও জানান, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থান করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। এই ঘটনায় সিআইডি বাদী হয়ে মামলা দায়ের করে এবং তদন্ত শেষে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ করে ফরেনসিক বিশ্লেষণ করা হয় বলে জানায় সিআইডি।
গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার ভিত্তিতেই সিআইডি শুক্রবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে।