বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি

favicon
অনলাইন সংস্করণ

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

শনিবার দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় হালকা বৃষ্টি। বিকেল গড়িয়ে সাড়ে ৪টা বাজতেই রাজধানীতে নেমে আসে গাঢ় অন্ধকার, যেন নেমে এসেছে সন্ধ্যা। শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাস্তায় গাড়িগুলোর হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়, আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো মেঘ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বর্ষণও হতে পারে।