বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ড. মুহাম্মদ ইউনূসসহ তিন বাংলাদেশি
প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা। জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রকাশ করেছে এই তালিকা, যার শিরোনাম ‘দ্য মুসলিম ৫০০ : ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’।
এ বছর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিশ্বের প্রভাবশালী মুসলিমদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। প্রকাশিত তালিকায় তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মুফতি ও ইসলামী চিন্তাবিদ শেখ মুহাম্মদ তাকি উসমানি, আর তৃতীয় স্থানে আছেন ইয়েমেনি সুফি আলেম ও দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশে আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, জর্দানের বাদশাহ আবদুল্লাহ ইবনে আল-হুসেইন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
এ বছর মোট তিনজন বিশিষ্ট বাংলাদেশি এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন। ড. ইউনূস শীর্ষ ৫০ জনের মূল তালিকায় এবং আরও দুজন বাংলাদেশি নারী — ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা — তাঁদের বিশেষ অবদানের জন্য ‘দ্য ৪৫০ লিস্ট’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
সূত্র: দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার