ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুইটি গুদামের নিত্যপ্রয়োজনীয় পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৫টার দিকে পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের আসার আগেই দুইটি গুদামের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
মার্কেটের মালিক জামাল মিয়া বলেন, “পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের মালামাল ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, “স্থানীয়দের সহায়তায় নদী থেকে পানি এনে পাইপের মাধ্যমে আগুন নেভানো হয়। আশপাশে আরও দোকান ও ব্যাংক থাকলেও সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”